প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের এনআইডি নিবন্ধনের পরিকল্পনা ইসির

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম শুরুর পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
শনিবার (৭ নভেম্বর) ইসি কর্মকর্তারা এ তথ্য জানান। কমিশনের সাম্প্রতিক এক বৈঠকে অপ্রাপ্তবয়স্কদের এনআইডি নিবন্ধনের বিষয়টি আলোচনায় আসে। সেখানে ইসি সচিব আখতার আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে ৬ থেকে ১৬ বছর বয়সীদের নিবন্ধনের প্রস্তাব দেন।
এ বিষয়ে কর্মশালা আয়োজনের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। কর্মশালায় আলোচনা ও পর্যালোচনার ভিত্তিতে সুপারিশ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে এনআইডি মহাপরিচালককে।
পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রাথমিক বিদ্যালয় থেকেই শিশুদের তথ্য সংগ্রহ ও নিবন্ধনের সুযোগ তৈরি হবে। বর্তমানে ১৭ বছর বয়স থেকে এনআইডি সেবা দিয়ে আসছে নির্বাচন কমিশন।
সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।