বাংলাদেশ সফরে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি তিন দিনের সফরে সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশে আসছেন। তিনি ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী।
বাকিংহাম প্যালেস তাঁর বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত সফরে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার অংশীদারত্বের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন সোফি। বাংলাদেশ সরকার তাঁকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করেছে। এ সফরে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নিরাপত্তা পাবেন।
সফরকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ড. জোবাইদা রহমানের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান সম্পর্কে জানতে এবং শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর অংশগ্রহণের বিষয়টি তুলে ধরতে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন।
এ ছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) নারী হকি খেলোয়াড়সহ তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে সাক্ষাৎ করবেন ডাচেস। এ আয়োজনের মাধ্যমে নারী ও মেয়েদের ক্ষমতায়ন এবং তাঁদের জন্য নতুন সুযোগ তৈরিতে খেলাধুলার ভূমিকা তুলে ধরা হবে।
বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানেও তরুণদের সঙ্গে অংশ নেবেন সোফি। সেখানে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও নারীর ক্ষমতায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে।
ঢাকার কর্মসূচি শেষে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংগঠনের কার্যক্রম দেখতে কক্সবাজার যাবেন তিনি। সেখানে বাস্তুচ্যুত নারী, শিশু ও পরিবারগুলোর সুরক্ষা এবং সহায়তা কার্যক্রম সম্পর্কে জানবেন। পাশাপাশি শরণার্থী জনগোষ্ঠীর মধ্যে সক্ষমতা ও নেতৃত্ব বিকাশে নেওয়া উদ্যোগগুলোও তাঁর সফরের আলোচনায় থাকবে।
২০১৭ সালের পর এটি সোফির দ্বিতীয় বাংলাদেশ সফর। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) অনুরোধে তিনি এ সফর করছেন।