বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের প্রধান হলেন সাবিন লাউবার

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) নবনিযুক্ত মিশনপ্রধান সাবিন ম্যাগডালেনা লাউবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।
রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে মানবাধিকার সুরক্ষা, গণতন্ত্র, সুশাসন ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে আলোচনা হয়।
লাউবারকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী ওএইচসিএইচআরের সঙ্গে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি গণতন্ত্র শক্তিশালী করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। বিশেষ করে মতপ্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা সুরক্ষার বিষয়টি আলোচনায় উঠে আসে।
প্রতিমন্ত্রী বলেন, আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ ক্ষেত্রে মানবাধিকার সুরক্ষা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা নিশ্চিত করা জরুরি।
সাক্ষাতে জাতিসংঘের বিশেষ কার্যপদ্ধতির প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ এবং মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি ও শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ারদের আসন্ন বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়।
বাংলাদেশে মিশনের কার্যক্রম সরকারের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনার অনুরোধ জানান হুমায়ুন কবির। একই সঙ্গে দায়িত্ব পালনে লাউবারকে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
লাউবার বাংলাদেশের গঠনমূলক উদ্যোগের প্রশংসা করে মানবাধিকার সুরক্ষা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান শক্তিশালী করার প্রচেষ্টায় ওএইচসিএইচআরের সমর্থন অব্যাহত রাখার কথা জানান। তিনি সরকারের সঙ্গে নিয়মিত সংলাপ ও সহযোগিতার ওপরও গুরুত্ব দেন।
বাংলাদেশে ওএইচসিএইচআরের প্রথম মিশনপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন লাউবার। ২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের মধ্যে স্বাক্ষরিত তিন বছর মেয়াদি সমঝোতা স্মারকের আওতায় এ মিশন প্রতিষ্ঠিত হয়।