তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দিরাইয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫

সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মাটিয়াপুর গ্রামের এক তরুণের সঙ্গে হলিমপুর গ্রামের এক তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার রাতে ওই তরুণের সঙ্গে বাড়ি ছাড়েন তরুণী। পরে কাজির মাধ্যমে তাঁদের বিয়ে হয়।
তবে তরুণীর পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে প্রলোভন দেখিয়ে নিয়ে গেছেন ওই তরুণ। অন্যদিকে তরুণের পরিবারের দাবি, কোনো জোরজবরদস্তি বা প্রলোভন নয়, দীর্ঘদিনের সম্পর্কের কারণেই নিজের ইচ্ছায় প্রেমিকের সঙ্গে চলে গেছেন তরুণী।
বিয়ের বিষয়টি জানানো ও দুই পরিবারের মধ্যে সমঝোতার উদ্দেশ্যে মঙ্গলবার রাতেই তরুণের পরিবারের লোকজন তরুণীর বাড়িতে যান। সেখানে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তরুণীর পরিবারের লোকজন তরুণের আত্মীয়স্বজনদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
এর জেরে বুধবার দুপুরে দুই গ্রামের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে দিরাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।