তাহসিফ হত্যা মামলায় জেরিকা দিশার ৭ দিনের রিমান্ড আবেদন

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনিম দিশাকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) বেলা ৩টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর উত্তরা থানায় হত্যা মামলাটি করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কাফরুল থানা এলাকা থেকে জেরিকা তাসনিম দিশাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ও টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ উদ্দিন রিমান্ড আবেদনে উল্লেখ করেন, হত্যাকাণ্ডের আগে গত ২৭ অক্টোবর রাতে উত্তরা এলাকার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ কে এম তাহসিফ সৌরির সঙ্গে জেরিকার যাতায়াতের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া একটি মোটরসাইকেল গ্যারেজসহ বিভিন্ন স্থানে তাঁদের একসঙ্গে ঘোরাফেরার দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখা গেছে। তাঁদের মধ্যে মুঠোফোনে যোগাযোগের তথ্যও পেয়েছে পুলিশ।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, মামলার মূল রহস্য উদ্ঘাটন, অজ্ঞাতনামা অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার এবং ঘটনার সুনির্দিষ্ট স্থান নির্ধারণের জন্য জেরিকাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এ ছাড়া এ মামলায় আগে রিমান্ডে থাকা অপর আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া বক্তব্যের সঙ্গে জেরিকার তথ্য মিলিয়ে দেখার কথাও আবেদনে উল্লেখ করা হয়েছে।