এপিএলের প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের ১০ ক্রিকেটার

পাঁচ দল নিয়ে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) খেলোয়াড় ড্রাফট। এর আগে প্লাটিনাম ও ডায়মন্ড—এই দুই ক্যাটাগরিতে থাকা বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। দুই ক্যাটাগরি মিলিয়ে জায়গা পেয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার।
প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। তাঁদের সঙ্গে এই ক্যাটাগরিতে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, রাসি ভ্যান ডার ডাসেন, রভম্যান পাওয়েল, মঈন আলী, অ্যালেক্স হেলস, জেসন রয় ও জেমস ভিন্সের মতো তারকারা।
অন্যদিকে ডায়মন্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও লিটন দাস। এই তালিকায় থাকা উল্লেখযোগ্য বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ডেভিড মালান, জেইডেন সিলস, সিকান্দার রাজা, রাইলি রুশো ও রিস টপলি।
ড্রাফটের আগেই টুর্নামেন্টের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত করা হয়েছে। দলগুলো হলো—একসেল ইউনাইটেড কাবুল, কান্দাহার ওয়ারিয়র্স, টিম নানগাহার, টিম বালখ ও টিম পাকতিয়া।
পাঁচ দলের অধিনায়ক হিসেবে থাকবেন রশিদ খান, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহ। দলগুলোর প্রধান কোচের দায়িত্বে থাকবেন মিকি আর্থার, রবি বোপারা, শেন ম্যাকডরমট, টবি রেডফোর্ড ও আজহার মাহমুদ।
এ ছাড়া টুর্নামেন্টের অ্যাম্বাসেডর হিসেবে থাকবেন তিলকারত্নে দিলশান, ইরফান পাঠান, মার্ক বাউচার, নিখিল চোপড়া ও ওয়াকার ইউনিস।
আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়ানোর কথা রয়েছে আফগানিস্তান প্রিমিয়ার লিগের প্রথম আসর।