‘আমি দক্ষিণ ভারতের মানুষ, উচ্চারণে টান থাকবেই’: রাশমিকা

দক্ষিণ ভারতীয় সিনেমা থেকে বলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। গত কয়েক বছরে একের পর এক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। তবে সাফল্যের পাশাপাশি অভিনয়, ভাষা ও উচ্চারণ নিয়ে সমালোচনাও শুনতে হয়েছে তাকে। এবার এসব সমালোচনার জবাব দিয়েছেন ‘অ্যানিম্যাল’ অভিনেত্রী।
সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের একটি পর্বে স্বামী ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত হন রাশমিকা। সেখানে অভিনয়জীবন নিয়ে কথা বলতে গিয়ে সমালোচনার প্রসঙ্গেও নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
রাশমিকা বলেন, সিনেমায় কাজ শুরু করার পর থেকেই কোনো না কোনো কারণে তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। কখনো অভিনয়, কখনো ভাষা, আবার কখনো উচ্চারণ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এসব সমালোচনার কারণে নিজের কাজের পরিধি সীমিত করতে চাননি তিনি।
অভিনেত্রীর ভাষ্য, তিনি শুধু একটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাননি, বরং সব ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয় তুলে ধরতে চেয়েছেন। একইভাবে একটি ভাষার মধ্যে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করার ইচ্ছা ছিল তার।
ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন ধরনের সিনেমায় অভিনয় করার অভিজ্ঞতা তাকে তৃপ্তি দেয় বলেও জানান রাশমিকা। ‘অ্যানিম্যাল’ ও ‘দ্য গার্লফ্রেন্ড’-এর মতো ভিন্নধর্মী সিনেমায় কাজ করতে পারাকে নিজের জন্য বিশেষ অর্জন হিসেবে দেখছেন তিনি। তার মতে, দুটি সিনেমার গল্প ও চরিত্রের ধরন আলাদা হলেও দুটিতেই অভিনয়ের সুযোগ পাওয়া তার কাঙ্ক্ষিত পথচলারই অংশ।
রাশমিকার হিন্দি উচ্চারণ নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা-সমালোচনা চলছে। ‘থামা’, ‘ককটেল ২’ ও ‘সিকান্দার’-এর মতো সিনেমায় তার উচ্চারণে দক্ষিণ ভারতীয় টান নিয়ে মন্তব্য করেছেন দর্শকদের একাংশ।
এ বিষয়ে রাশমিকা বলেন, তার উচ্চারণে দক্ষিণ ভারতীয় টান থাকা নিয়ে তিনি উদ্বিগ্ন নন। কারণ, তিনি দক্ষিণ ভারতের মানুষ। তার কথায় সেই অঞ্চলের ভাষাগত প্রভাব থাকাটাই স্বাভাবিক। বরং এ নিয়ে ভিন্ন প্রত্যাশা করাকে অযৌক্তিক বলে মনে করেন তিনি।
এদিকে গত ১৬ অক্টোবর মুক্তি পেয়েছে রাশমিকা অভিনীত নতুন সিনেমা ‘রানাবালি’। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন বিজয় দেবেরাকোন্ডা। তবে মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।