সাইবার সুরক্ষা আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী

সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম সংশ্লিষ্ট অন্যান্য আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। এ লক্ষ্যে টেলিভিশন চ্যানেলের মালিক, সংবাদপত্রের সম্পাদকসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
বুধবার রাতে নিজের নির্বাচনী এলাকা ভোলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
আন্দালিভ রহমান বলেন, সাইবার সুরক্ষা আইনসহ প্রয়োজনীয় অন্যান্য আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। আইন সংশোধনের প্রক্রিয়াকে কার্যকর ও সময়োপযোগী করতে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে।
তিনি বলেন, এমন একটি টেকসই নীতিমালা প্রণয়ন করতে চান, যাতে গণমাধ্যমকর্মী, প্রশাসন ও সাধারণ মানুষ সমানভাবে সুরক্ষা পান। আইন সংশোধনের কাজ চলমান রয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই এ ক্ষেত্রে ইতিবাচক ও কার্যকর পরিবর্তন দেখা যাবে।
ভোলা সদরের ২৯টি পূজামণ্ডপে ব্যক্তিগতভাবে মোট ২৯ লাখ টাকা অনুদান দিয়েছেন তথ্যমন্ত্রী। বুধবার রাতে তিনি জেলা শহরের বিকাশ মজুমদার বাড়ির পূজামণ্ডপ, অনুজকাহালী লেনের পূজামণ্ডপ, মদনমোহন মন্দির, ওয়েস্টার্ন পাড়ার শতদল বিকাশ ক্লাবসংলগ্ন পূজামণ্ডপ, মিহিরলাল সাহার বাড়ির পূজামণ্ডপ, লক্ষ্মী গোবিন্দ মন্দির, বাপ্তা মহাজনের পোল পূজামণ্ডপ, বাপ্তা শক্তি সংঘ পূজামণ্ডপ ও সার্কুলার রোডের পূজামণ্ডপসহ মোট নয়টি মন্দির পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) স্থানীয় নেতাকর্মীরাও তাঁর সঙ্গে ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তথ্যমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা এবার আনন্দ ও সম্প্রীতির পরিবেশে ধর্মীয় উৎসব পালন করছেন। হিন্দু, মুসলমানসহ দেশের সব নাগরিক পর্যাপ্ত নিরাপত্তা পাচ্ছেন—এটি আনন্দের বিষয়। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি।
পূজা উদযাপন কমিটির নেতাদের বরাতে তথ্যমন্ত্রী জানান, এবার পূজা চলাকালে ভোলায় কোথাও নিরাপত্তা নিয়ে শঙ্কা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সম্প্রতি নেত্রকোনায় এক সাংবাদিক হত্যার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, শুধু সাংবাদিক বা নির্দিষ্ট কোনো পেশার মানুষ নন, রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করে কেউ অপরাধ করলে প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিচার হবে।
ভোলা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসীম কুমার সাহা জানান, তথ্যমন্ত্রী ও জেলার স্থানীয় সংসদ সদস্যদের তদারকি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তাব্যবস্থার কারণে এবার জেলার ১১৮টি পূজামণ্ডপে ভক্তরা নির্বিঘ্নে পূজার্চনা করতে পেরেছেন।
সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখায় জেলা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।