আইনের শাসনে ১৪৩ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৩তম, দুর্বল মৌলিক অধিকার

ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের (ডব্লিউজেপি) প্রকাশিত ‘আইনের শাসন সূচক ২০২৬’-এ বাংলাদেশের অবস্থান দুই ধাপ এগিয়েছে। ১৪৩টি দেশ ও বিচারব্যবস্থার মধ্যে এবার ১২৩তম স্থানে রয়েছে বাংলাদেশ, যা গত বছর ছিল ১২৫তম। তবে স্কোরে সামান্য উন্নতি হলেও আইনের শাসনের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান এখনো দুর্বল।
সূচক অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশের স্কোর ছিল ১-এর মধ্যে ০.৩৯১। এ বছর তা ০.৩৯৩-এ উন্নীত হয়েছে। স্কোরের এই পরিবর্তনের ফলে বাংলাদেশ বিশ্বের ১৫তম সর্বোচ্চ অগ্রগতি অর্জনকারী দেশ এবং দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ অগ্রগতি অর্জনকারী দেশ হিসেবে উঠে এসেছে। তবে বাংলাদেশের স্কোর এখনো বৈশ্বিক গড় ০.৫৫-এর চেয়ে অনেক কম।
সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে আফ্রিকার বেশ কয়েকটি দেশ। এর মধ্যে জিম্বাবুয়ে ১২২তম, নাইজেরিয়া ১২০তম, সিয়েরা লিওন ১১০তম, লাইবেরিয়া ১০৩তম, কেনিয়া ১০০তম এবং ঘানা ৬২তম অবস্থানে রয়েছে।
আইনের শাসনের পরিস্থিতি মূল্যায়নে ডব্লিউজেপি আটটি মানদণ্ড ব্যবহার করে। এগুলো হলো—সরকারি ক্ষমতার ওপর সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি, মুক্ত সরকার, মৌলিক অধিকার, শৃঙ্খলা ও নিরাপত্তা, বিধি-বিধানের প্রয়োগ, দেওয়ানি বিচার এবং ফৌজদারি বিচার। বাংলাদেশের ক্ষেত্রে আটটি মানদণ্ডের মধ্যে তিনটিতে উন্নতি হয়েছে। এগুলো হলো সরকারি ক্ষমতার ওপর সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি এবং বিধি-বিধানের প্রয়োগ। বাকি পাঁচটি ক্ষেত্রে অবনতি হয়েছে।
মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সবচেয়ে দুর্বল। এ খাতে ০.৩০ স্কোর নিয়ে ১৪৩টি দেশের মধ্যে ১৩৩তম স্থানে রয়েছে দেশটি। দেওয়ানি বিচারেও বাংলাদেশের অবস্থান নিচের দিকে। ০.৩৬ স্কোর নিয়ে এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ১৩২তম।
বিধি-বিধানের প্রয়োগের ক্ষেত্রে বাংলাদেশের স্কোর ০.৪০, অবস্থান ১২৪তম। ফৌজদারি বিচারে ০.৩২ স্কোর নিয়ে বাংলাদেশ রয়েছে ১১৭তম স্থানে। ঘুষ, অনুচিত প্রভাব ও সরকারি সম্পদের অপব্যবহারের মাত্রা বিবেচনায় নেওয়া ‘দুর্নীতির অনুপস্থিতি’ মানদণ্ডে ০.৩৫ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১১৩তম। আর সরকারি ক্ষমতার ওপর সীমাবদ্ধতা মানদণ্ডে ০.৩৮ স্কোর নিয়ে দেশটির অবস্থান ১১১তম।
অন্যদিকে, বাংলাদেশের তুলনামূলক ভালো অবস্থান ‘মুক্ত সরকার’ মানদণ্ডে। এ ক্ষেত্রে ০.৪১ স্কোর নিয়ে বাংলাদেশ রয়েছে ১০৬তম স্থানে। শৃঙ্খলা ও নিরাপত্তা মানদণ্ডে ০.৬৩ স্কোর নিয়ে অবস্থান ১০৭তম। এ মানদণ্ডে ব্যক্তি ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে দেশের কার্যকারিতা মূল্যায়ন করা হয়।