পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিক্ষার্থী ও শিক্ষিকা নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে ২৮ শিক্ষার্থী ও এক নারী শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে পুলিশের এক কর্মকর্তা আহতের সংখ্যা ৪০ জনের বেশি বলে জানিয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শহরের দির কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। লেডি রিডিং হাসপাতাল (এলআরএইচ) কর্তৃপক্ষ প্রথমে চারজনের মৃত্যুর খবর দিলেও পরে ২৮ শিশুর মরদেহ হাসপাতালে নেওয়ার কথা জানায়। নিহতদের মধ্যে এক নারী শিক্ষিকাও রয়েছেন।
ছাদ ধসের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জরুরি সেবা বাহিনী ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা ডা. মিয়ান সাঈদ জানিয়েছেন, এ ঘটনায় স্কুলটির মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাদেশিক শিক্ষা সচিব ইনায়েতুল্লাহ ওয়াসিম বেসরকারি স্কুল নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে শুক্রবারের মধ্যে দুর্ঘটনার বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দিও ঘটনায় শোক প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন চেয়েছেন। পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের জন্য দোয়া করার পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। একই সঙ্গে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা এবং ঘটনাস্থলে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।