ডিএমপির অভিযানে ৫০৬ জন গ্রেপ্তার, মাদকসহ উদ্ধার নানা আলামত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৪০টি মামলা করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৫২, ওয়ারীতে ৫২, মতিঝিলে ৬৮, তেজগাঁওয়ে ৯৯, মিরপুরে ১১৪, গুলশানে ৩৭ এবং উত্তরা বিভাগে ৩৮ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) আরও তিনজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে ৪০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩১৪টি ইয়াবা, দুটি সুইট গিয়ার, একটি ব্যানার, ছয়টি মুখোশ, ১১টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধেও পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।