রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় লজ্জিত ঢাবি ছাত্রদল নেতা

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় লজ্জিত ঢাবি ছাত্রদল নেতা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদ। এ ঘটনায় তিনি ‘লজ্জিত’ বলে মন্তব্য করেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

আবিদুল ইসলাম খান আবিদ লিখেছেন, ‘সালমান মুক্তাদির জুলাইয়ের সহযোদ্ধা। আমরা লজ্জিত। ক্রিমিনালদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনকে আহ্বান করছি। পুরো ঘটনাকে দ্রুত সময়ের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করে জাতির সামনে উপস্থাপন করুন।’

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। স্টুডিওর এক কর্মকর্তার দাবি, প্রায় ১০০ থেকে ১৫০ জন সেখানে ঢুকে হামলা চালায়। হামলাকারীদের কয়েকজনের হাতে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল বলেও অভিযোগ করা হয়েছে।

হামলার সময় স্টুডিওর বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে।

সালমান মুক্তাদিরের অভিযোগ, বিএনপির কিছু লোক তার কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় প্রতিশোধ হিসেবে তার স্টুডিওতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। তবে এ অভিযোগের বিষয়ে বিএনপির সংশ্লিষ্টদের বক্তব্য জানা যায়নি।

ঘটনার পর ফেসবুক লাইভে স্টুডিওর ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন সালমান। সেখানে তিনি বলেন, ‘আমাদের স্টুডিও ডিস্ট্রয় হয়ে গেছে। আমি থেমে থাকব না। আমি আমার প্যাশন চালিয়ে যাব। দেশ থেকে না হলে দেশের বাইরে থেকে চালিয়ে যাব।’

হামলার ঘটনায় মামলা করার কথাও জানিয়েছেন সালমান মুক্তাদির। বিএনপির লোকজন জড়িত থাকার অভিযোগ তুলে তিনি বলেন, ‘বিএনপির লোকজন যারা করছে, এটা তোমাদের চাঁদাবাজি। কেন তোমরা আমার ড্রিমটা নষ্ট করছো?’

এদিকে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাবি ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন