সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় জামায়ত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। পোস্টের সঙ্গে একটি ভিডিওও শেয়ার করেন তিনি। ভিডিওতে সালমান মুক্তাদিরকে তার স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা বর্ণনা করতে দেখা যায়।
ভিডিওটির ক্যাপশনে শফিকুর রহমান লেখেন, ‘গভীর রাতে জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের বাসা ও স্টুডিওতে চাঁদাবাজদের হানা, ভাঙচুর, লুটতরাজ ও তাণ্ডব।’
চাঁদাবাজদের উদ্দেশে তিনি লেখেন, ‘মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।’
শফিকুর রহমান আরও বলেন, ‘কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কী সামলাবেন? একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন, ইনশাআল্লাহ।’
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে। এ ঘটনায় কারা জড়িত এবং হামলার কারণ কী, তা নিয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে।