জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে আবেগাপ্লুত ইয়ামি গৌতম

বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অর্জন। ‘আর্টিকেল ৩৭০’ সিনেমায় অভিনয়ের স্বীকৃতি হিসেবে ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। সেরা অভিনেত্রী বিভাগে এই সম্মাননা তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে গ্রহণ করেন।
পুরস্কার গ্রহণের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ইয়ামি। ক্যারিয়ারের এই গুরুত্বপূর্ণ মুহূর্তটি এখনো পুরোপুরি উপলব্ধি করার চেষ্টা করছেন বলে জানান তিনি।
ইয়ামি বলেন, ‘আমি এখনো মুহূর্তটি নিজের ভেতরে ধারণ করার চেষ্টা করছি। যেকোনো শিল্পীর জন্য, যিনি সারাজীবন ধরে কাজ করে যাচ্ছেন, এটি অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়। আর যারা স্বপ্ন নিয়ে এই মায়ানগরীতে আসেন, তাদের সবার পক্ষ থেকেই আমি কথাটা বলছি। জীবন আপনার জন্য কখন কী জমা করে রেখেছে, তা কেউ আগে থেকে বলতে পারে না।’
নিজের কাজের প্রতি একাগ্র থাকার কথা উল্লেখ করে অভিনেত্রী আরও বলেন, ‘আপনি কেবল সততা দিয়ে পরিশ্রম করে যান, ভালো কাজ করে যান; কোনো না কোনো দিন তার প্রতিফলন ঘটবেই। আমি ক্যারিয়ারে কতদূর পৌঁছাতে পেরেছি, তা আমার জানা নেই। তবে আমার এই যাত্রায় এখনো অনেক কিছু শেখা বাকি আছে, অনেক কাজ করা বাকি আছে।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে ইয়ামি বলেন, ‘এমন একটি ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে এমন বিশাল সম্মান পাওয়া সত্যিই অত্যন্ত গর্বের বিষয়।’
আদিত্য সুহাস জাম্বালে পরিচালিত ‘আর্টিকেল ৩৭০’ সিনেমাটির গল্প ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন আদিত্য ধর, মোনাল ঠাক্কার ও অর্জুন ধাওয়ান। সিনেমাটিতে ইয়ামি গৌতমের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা মণি, স্কন্দ ঠাকুর, অশ্বিনী কাউল, বৈভব ততোয়াদী, অরুণ গোভিল ও কিরণ কর্মকার।