জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে জ্বালানি তেলের মূল্য সমন্বয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দাম বাড়ানোর কারণে জনগণের যে কষ্ট হবে, তার জন্য দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়ছে। এ সংকট প্রতিদিন নতুন মাত্রা নিচ্ছে। এর ফলে বিমা প্রিমিয়াম ও জাহাজ ভাড়াও বেড়েছে।
তিনি বলেন, ‘এ অবস্থায় জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের পক্ষে এ মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না।’
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এমন সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন। জনগণের জীবনযাত্রার কষ্ট লাঘবের লক্ষ্যেই তিনি রাজনীতিতে এসেছেন। একজন রাজনৈতিক কর্মী হিসেবে জ্বালানি তেলের দাম বাড়ায় মানুষের যে কষ্ট হবে, তা তিনি উপলব্ধি করেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার উপায়হীন না হলে এমন অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে চাইত না। তবে চলমান সংকট দ্রুত কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানি তেলের দাম আবার সমন্বয় করে আগের পর্যায়ে বা তার চেয়েও কমিয়ে আনার চেষ্টা করা হবে।