দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলের ৪ দিনের রিমান্ড

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগমের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গাজী নজরুলের চার দিন এবং মাকছুদার এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার দুই আসামির সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।
দুপুর ২টা ২০ মিনিটের দিকে পুলিশ একটি গাড়িতে করে গাজী নজরুল ও মাকছুদাকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসে। পরে তাঁদের আদালতে হাজির করা হয়।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ফ্ল্যাটটি গাজী নজরুলের। তিনি সেখানে তাঁর দুই স্ত্রীকে নিয়ে থাকতেন বলে জানা গেছে।
এ ঘটনায় রোববার গভীর রাতে মরিয়মের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।
পুলিশ জানায়, মামলার পর গাজী নজরুল ও মাকছুদাকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি ওবায়দুর রহমান পলাতক রয়েছেন।
মরিয়মের মৃত্যুর কারণ ও মামলায় আনা অভিযোগ তদন্ত করে দেখছে পুলিশ। ময়নাতদন্ত শেষে মরিয়মের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।