মারা গেলেন বরেণ্য অভিনেত্রী মিঠু মুখার্জি

ভারতীয় বাংলা সিনেমার বরেণ্য অভিনেত্রী মিঠু মুখার্জি মারা গেছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ৭১ বছর বয়সে মারা গেলেন একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী।
সত্তরের দশকে ভারতীয় বাংলা সিনেমায় মিঠু মুখার্জির উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সাবলীল অভিনয় ও পর্দায় স্বতঃস্ফূর্ত উপস্থিতির কারণে অল্প সময়েই দর্শকের কাছে পরিচিতি পান তিনি। তবে ক্যারিয়ারের জনপ্রিয়তার সময়েই ধীরে ধীরে চলচ্চিত্র অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেন এই অভিনেত্রী।
১৯৫৫ সালের ১৯ জুন কলকাতায় জন্মগ্রহণ করেন মিঠু মুখার্জি। ১৯৭২ সালে চিত্ত বসুর ‘শেষ পর্ব’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন তিনি। তখন তাঁর বয়স ছিল ১৭ বছর।
ক্যারিয়ারের শুরুতেই উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিকসহ সে সময়ের বেশ কয়েকজন শীর্ষ অভিনেতার সঙ্গে কাজ করেন মিঠু। ‘স্বয়ংসিদ্ধা’, ‘মর্জিনা আবদুল্লা’, ‘মৌচাক’, ‘বেশ করেছি প্রেম করেছি’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।
বিভিন্ন সিনেমায় কখনো প্রেমিকা, কখনো প্রাণবন্ত তরুণী, আবার কখনো ভিন্নধর্মী চরিত্রে দেখা গেছে তাঁকে। অভিনয়ে স্বতঃস্ফূর্ততা ও পর্দায় প্রাণবন্ত উপস্থিতি ছিল তাঁর অন্যতম বৈশিষ্ট্য।
বাংলা সিনেমার পাশাপাশি বলিউডেও কাজ করেছেন মিঠু মুখার্জি। সত্তরের দশকের মাঝামাঝি সময়ে দুলাল গুহর ‘খান দোস্ত’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। এরপর ‘দিল লাগি’, ‘সফেদ ঝ্যুট’ এবং বিনোদ মেহরার সঙ্গে ‘ছুটির ফাঁদে’ সিনেমার রিমেকেও অভিনয় করেন তিনি।
ক্যারিয়ারের শেষ দিকে চলচ্চিত্র থেকে ক্রমেই দূরে সরে যান মিঠু। তাঁর অভিনীত শেষ সিনেমা ‘আশ্রিতা’ মুক্তি পায় ১৯৯০ সালে। সিনেমাটির প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
জনসমক্ষে খুব বেশি উপস্থিত না থাকলেও মিঠু মুখার্জির অভিনীত সিনেমাগুলো তাঁকে দর্শকের স্মৃতিতে ধরে রেখেছে। দীর্ঘদিন মুম্বাইয়ে বসবাস করলেও ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রেখেছিলেন এই অভিনেত্রী।