মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে আওয়ামীপন্থি আইনজীবীদের নীরব প্রতিবাদ

মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের সাত শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে নীরব প্রতিবাদ করেছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের অ্যাডভোকেট লাউঞ্জের সামনে একদল আওয়ামীপন্থি আইনজীবী জড়ো হয়ে প্রতিবাদ জানান।
এ সময় তাদের কোনো স্লোগান দিতে শোনা যায়নি। তবে উপস্থিত কয়েকজনকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ উচ্চারণ করতে শোনা যায়।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে পাঁচজনের ৫০ শতাংশ সম্পদ বাজেয়াপ্ত করে সরকারি অনুকূলে নেওয়ার এবং তা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মধ্যে বণ্টনের নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রায় পড়ার শুরুতে মামলার তদন্ত কর্মকর্তা, প্রসিকিউশন, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান বিচারপতি নজরুল ইসলাম। তিনি জানান, মামলার প্রয়োজনীয় কাগজপত্রের ওজন ২৫ কেজি হয়েছিল। আসামিরা আদালতে উপস্থিত থাকলে পুরো রায় পড়া সম্ভব হতো বলেও মন্তব্য করেন তিনি।
মৃত্যুদণ্ড পাওয়া অপর ছয়জন হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।