সোমবার, ১০ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বাবার শেষকৃত্যে পরিবারের সঙ্গে মেসি

বাবার শেষকৃত্যে পরিবারের সঙ্গে মেসি
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাবা হোর্হে মেসির মৃত্যুর খবর পাওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে নিজ শহর রোজারিওতে ফিরেছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। রোববার (৯ আগস্ট) রোজারিওর কাছে পেরেজ শহরের একটি কবরস্থানে বাবার শেষকৃত্যে অংশ নেন তিনি।

৬৮ বছর বয়সে শনিবার মারা যান হোর্হে মেসি। তার মৃত্যুর পর পরিবারের সদস্যদের সঙ্গে থাকতে এবং বাবাকে শেষ বিদায় জানাতে আর্জেন্টিনায় ফিরে আসেন মেসি।

পেরেজ শহরের একটি কবরস্থানে ঘনিষ্ঠ স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়। পারিবারিকভাবে আয়োজিত অনুষ্ঠানটি ছিল ব্যক্তিগত ও গোপনীয়। নিরাপত্তার জন্য কবরস্থান ও আশপাশের এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

শেষকৃত্যকে ঘিরে কবরস্থানের বাইরে সাংবাদিক, পুলিশ সদস্য ও মেসির ভক্তদের ভিড় দেখা যায়। প্রিয় ফুটবলারের বাবার প্রতি শ্রদ্ধা জানাতে এবং মেসিকে একনজর দেখতে সেখানে জড়ো হন অনেকে।

লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারে হোর্হে মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা হিসেবে মেসির শৈশব থেকে তার পাশে ছিলেন তিনি। পরবর্তী সময়ে মেসির এজেন্ট হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন হোর্হে।

ফুটবলে মেসির সাফল্যের পেছনে বাবার অবদানের কথা বিভিন্ন সময় উঠে এসেছে। মাঠের সাফল্য, ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিংবা কঠিন সময়—সব ক্ষেত্রেই বাবার সঙ্গে মেসির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

বাবার মৃত্যুর খবর পাওয়ার পর ইন্টার মায়ামির কাছ থেকে ছুটি নিয়ে শনিবার সকালে যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেল থেকে আর্জেন্টিনার উদ্দেশে রওনা হন মেসি। দীর্ঘ যাত্রা শেষে স্থানীয় সময় রাতে রোজারিওতে পৌঁছান তিনি।

নিজ শহরে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান মেসি। এরপর রোববার বাবার শেষকৃত্যে অংশ নিয়ে হোর্হে মেসিকে শেষ বিদায় জানান বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন অধিনায়ক।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন