সোমবার, ১০ অগাস্ট ২০২৬
Natun Kagoj

কানাডায় দাবানলের ভয়াবহ বিস্তার, জরুরি অবস্থা জারি

কানাডায় দাবানলের ভয়াবহ বিস্তার, জরুরি অবস্থা জারি
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পশ্চিম কানাডায় দ্রুত ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে আতঙ্ক তৈরি হয়েছে। আগুনের বিস্তার ঠেকাতে ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দাবানল থেকে বাঁচতে হাজার হাজার মানুষকে নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার প্রথম আগুনের সূত্রপাত হওয়ার পর থেকে বাল্ড রেঞ্জ দাবানল দ্রুত বড় হতে থাকে। অল্প সময়ের মধ্যেই আগুনের বিস্তৃতি প্রায় দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ব্রিটিশ কলাম্বিয়ার দাবানল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন সামারল্যান্ড, পিচল্যান্ডসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে। বর্তমানে দাবানলটি ১৩৬ বর্গকিলোমিটারের বেশি এলাকাজুড়ে রয়েছে।

পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় সামারল্যান্ডের পুরো এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি আশপাশের কয়েকটি কমিউনিটির হাজার হাজার মানুষকেও নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সামারল্যান্ডের মেয়র ডগ হোমস রয়টার্সকে বলেন, পরিস্থিতি মোকাবিলায় সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্যও প্রস্তুত থাকতে হবে। আগুনের দ্রুত বিস্তার স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, দাবানলের আগুন এতটাই তীব্র ছিল যে এর শিখা থেকে স্থানীয় এলাকায় বজ্রপাতও সৃষ্টি হচ্ছিল। এতে নতুন করে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বেড়েছে।

দাবানলের ভয়াবহতা নিজের অভিজ্ঞতায় তুলে ধরেছেন সামারল্যান্ডের বাসিন্দা কিগান রাডমস্কি। তিনি জানান, আগুন তার বাড়ির খুব কাছাকাছি চলে আসার মাত্র কয়েক মুহূর্ত আগে তিনি সেখান থেকে বের হয়ে নিরাপদ স্থানে যেতে সক্ষম হন।

বিবিসির সঙ্গে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, রাডমস্কি যে রাস্তা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান, তার বিপরীত পাশের পাহাড়ের পেছনে গাছের মাথা ঘিরে আগুনের শিখা জ্বলছিল।

দাবানল নিয়ন্ত্রণে স্থানীয় কর্তৃপক্ষ ও অগ্নিনির্বাপণ কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। তবে প্রবল আগুন ও দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।

এদিকে আগুনের গতিপথ ও আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন