দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে সিলেটে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ জন।
রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৮ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৩ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৫ জনের শরীরে। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে মোট ১৭ হাজার ১১৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
এদিকে, একই সময়ে আরও ৯৮৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩২০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন।
নতুন করে শিশু মৃত্যুর পাশাপাশি হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যসেবা ও নজরদারি কার্যক্রম আরও জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।