তুরাগে একাধিক মরদেহ উদ্ধারের গুজব, ডিএমপির দাবি—প্রচারে নেই কোনো সত্যতা

সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধারের যে তথ্য ছড়িয়ে পড়েছে, তা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ বলছে, তাদের আওতাধীন কোনো এলাকায় এ ধরনের ঘটনা ঘটেনি এবং এ বিষয়ে কোনো অভিযোগ, সাধারণ ডায়েরি (জিডি) বা মামলাও নেই।
রোববার (২৮ জুন) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাই করতে তুরাগ, পল্লবী ও রূপনগর থানাসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে অনুসন্ধান চালানো হয়েছে। তদন্তে কোথাও একাধিক মরদেহ উদ্ধারের দাবির সত্যতা পাওয়া যায়নি।
ডিএমপির তথ্য অনুযায়ী, উত্তরা বিভাগের তুরাগ থানা এলাকায় এমন কোনো হত্যাকাণ্ড বা মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেনি। একইভাবে মিরপুর বিভাগের পল্লবী ও রূপনগর থানার সীমানাতেও এ ধরনের কোনো ঘটনার রেকর্ড নেই।
ফারুক হোসেন জানান, বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। তিনি জনগণকে যাচাই-বাছাই ছাড়া গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার ও শেয়ার না করার আহ্বান জানান।
তিনি বলেন, এ ধরনের মিথ্যা তথ্য সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমে ঘটনাটি ডিএমপির আওতাধীন এলাকায় ঘটেছে বলে দাবি করা হলেও তদন্তে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে আমিনবাজার নৌ পুলিশ একটি মরদেহ উদ্ধার করে দারুসসালাম থানায় অপমৃত্যুর মামলা করেছে, যা নৌ পুলিশের অধিক্ষেত্রের বিষয়।
আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ডিএমপি শুধু নিজেদের অধিক্ষেত্রের তথ্য নিশ্চিত করতে পারে। ডিএমপির আওতায় একাধিক মরদেহ উদ্ধারের কোনো ঘটনা ঘটেনি।