পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধনের উদ্যোগ, বাড়তে পারে শাস্তি

পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩ আরও কার্যকর করতে আইনটি সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। সংশোধিত আইনে শাস্তির মেয়াদ, জরিমানা ও কারাদণ্ডের বিধানে পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে আইনের প্রয়োজনীয় সংশোধনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। নতুন আইনে অপরাধের শাস্তি আরও কার্যকর করার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
মন্ত্রী জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণে অতীতে রাজনৈতিক প্রভাব ও অনিয়মের অভিযোগ থাকায় সরকার দেশব্যাপী শুদ্ধি অভিযান শুরু করেছে। প্রকৃত সুবিধাভোগীদের তালিকাভুক্ত করা এবং অযোগ্য ব্যক্তিদের বাদ দিতে ইতোমধ্যে একটি কমিটি কাজ করছে।
তিনি আরও জানান, আগামী ২০২৬-২৭ অর্থবছরে বয়স্ক ভাতার উপকারভোগীর সংখ্যা ৬১ লাখ থেকে বাড়িয়ে ৬২ লাখ করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে মাসিক ভাতা ৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিধবা ও স্বামী-নিগৃহীতা নারীদের জন্যও মাসিক ভাতা ৭০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ৯০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করার পরিকল্পনার কথাও জানান তিনি।
অন্যদিকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম সংসদে জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বর্তমানে কমিশনিং ও স্টার্ট-আপ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের আগস্টের শেষ দিকে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।