সন্ধ্যায় বারবার ক্ষুধা লাগার ৫ কারণ

সারাদিন কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পর অনেকেরই হঠাৎ প্রচণ্ড ক্ষুধা লাগে। সূর্য ডোবার পর মুখরোচক নানা ধরনের স্ন্যাকস খাওয়ার ইচ্ছাও বেড়ে যায়। প্রতিদিন এমনটা হলে শুধু বেশি খাওয়ার অভ্যাসকেই দায়ী করা ঠিক নয়। দিনের খাবারের ধরন ও সময়ের কিছু ভুল অভ্যাসও সন্ধ্যার তীব্র ক্ষুধার কারণ হতে পারে।
১. দুপুরের খাবার না খাওয়া বা ভারসাম্যহীন খাবার
দুপুরের খাবারে পর্যাপ্ত প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট থাকা প্রয়োজন। এসব পুষ্টি উপাদানের ঘাটতি থাকলে খাবার খাওয়ার পরও দীর্ঘ সময় পেট ভরা নাও থাকতে পারে। ফলে বিকেল বা সন্ধ্যার দিকে ক্ষুধা ও মুখরোচক খাবারের প্রতি আকাঙ্ক্ষা বেড়ে যেতে পারে।
২. পর্যাপ্ত প্রোটিন না খাওয়া
প্রোটিন দীর্ঘ সময় পেট ভরা রাখতে সহায়তা করে। বিপরীতে শুধু শর্করা-প্রধান খাবার খেলে তুলনামূলক দ্রুত ক্ষুধা অনুভূত হতে পারে। তাই খাবারের তালিকায় ডাল, দই, পনির, টোফু, ডিম, মাছ, মুরগির মাংস বা অন্যান্য প্রোটিনসমৃদ্ধ খাবার রাখা যেতে পারে।
৩. খাবারের মধ্যে দীর্ঘ বিরতি
দুই বেলার খাবারের মধ্যে অতিরিক্ত দীর্ঘ বিরতি থাকলেও সন্ধ্যায় ক্ষুধার মাত্রা বেড়ে যেতে পারে। বিশেষ করে রাতের খাবারের সময় যদি আরও অনেক দেরি থাকে, তাহলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা তৈরি হতে পারে। এ ক্ষেত্রে মাঝখানে পরিমাণমতো স্বাস্থ্যকর হালকা খাবার খাওয়া যেতে পারে।
৪. দিনের বেলায় অতিরিক্ত খাবার নিয়ন্ত্রণ
ওজন কমানো বা অন্য কোনো কারণে দিনের বেলায় খুব কম ক্যালোরি গ্রহণ এবং অতিরিক্ত খাবার নিয়ন্ত্রণ করলে সন্ধ্যার দিকে ক্ষুধা বেড়ে যেতে পারে। শরীরের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত ও পুষ্টিকর খাবার গ্রহণ করা তাই গুরুত্বপূর্ণ।
৫. তৃষ্ণা, মানসিক চাপ বা একঘেয়েমিকে ক্ষুধা মনে করা
সব সময় খেতে ইচ্ছা করার অর্থ যে শরীরের সত্যিই খাবার প্রয়োজন, তা নয়। পর্যাপ্ত পানি না খাওয়া, মানসিক চাপ, ক্লান্তি কিংবা টেলিভিশন দেখার সময় অভ্যাসবশত কিছু খাওয়ার প্রবণতাকেও অনেকে ক্ষুধা মনে করেন।
তাই কিছু খাওয়ার আগে নিজেকে প্রশ্ন করা যেতে পারে—সত্যিই কি ক্ষুধা লেগেছে, নাকি তৃষ্ণা, ক্লান্তি কিংবা অভ্যাসের কারণে খেতে ইচ্ছা করছে?
সন্ধ্যায় হালকা খাবার খাওয়ার প্রয়োজন হলে তা পুরোপুরি বাদ দেওয়ার দরকার নেই। অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারের পরিবর্তে ফল ও বাদাম, ভাজা ছোলা, মাখানা, দই বা সবজির স্যান্ডউইচের মতো পুষ্টিকর খাবার বেছে নেওয়া যেতে পারে। এতে ক্ষুধা মেটানোর পাশাপাশি অপ্রয়োজনীয় খাবার গ্রহণও কমানো সম্ভব।