২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ ৩ জন আটক

চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দলিল রেজিস্ট্রির জন্য ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
আটক ব্যক্তিরা হলেন—পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও অফিসের উমেদার রূপন দাশ।
দুদক সূত্র জানায়, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে জমা দেন। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও সাব-রেজিস্ট্রার ইচ্ছাকৃতভাবে রেজিস্ট্রির কাজ আটকে রাখেন বলে অভিযোগ।
পরে দলিল দুটি রেজিস্ট্রি করে দেওয়ার বিনিময়ে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম ২ লাখ টাকা ঘুষ দাবি করেন বলে দুদক জানিয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ করেন। পরে তিনি দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ লিখিত আবেদন করেন।
অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিশেষ টিম অভিযান পরিচালনা করে। এ সময় ২ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে হাতেনাতে আটক করা হয়।
দুদক জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।