ডেঙ্গু চিকিৎসায় ৪০ জেলায় ১ হাজার ৬০০ চিকিৎসককে প্রশিক্ষণ

সারা দেশে ডেঙ্গু রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে ৪০টি জেলায় একযোগে ১ হাজার ৬০০ চিকিৎসককে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) আয়োজিত ‘ট্রেনিং অব ডক্টরস অন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু’ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের বিশেষজ্ঞ অধ্যাপক ও চিকিৎসকদের পরিচালনায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে সারা দেশের বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ, সিভিল সার্জন এবং তৃণমূল পর্যায় থেকে বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক প্রতিনিধিরা সরাসরি ও ভার্চ্যুয়ালি যুক্ত হন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী যেন চিকিৎসার অভাবে বা ভুল ব্যবস্থাপনায় মারা না যান, সে লক্ষ্যেই চিকিৎসকদের বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ডেঙ্গুর ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের মানদণ্ড অনুযায়ী চিকিৎসকদের দক্ষ করে তোলার মাধ্যমে মৃত্যুহার কমানোর চেষ্টা চলছে।
এম এ মুহিত বলেন, চলতি ডেঙ্গু মৌসুমে এখন পর্যন্ত ৬৩ হাজার ৬২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সীমিত সুযোগ-সুবিধা ও রোগীর চাপের মধ্যেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টায় ৫৯ হাজার ৮৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
তিনি জানান, বর্তমানে প্রায় ৪ হাজার ৩০০ রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের প্রায় ৯৯ শতাংশই সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরছেন বলেও উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু আবেগ বা অপরিকল্পিত সিদ্ধান্তের ভিত্তিতে কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। অতীতের অপরিকল্পিত অবকাঠামো উন্নয়ন বা হঠাৎ সিদ্ধান্তের পরিবর্তে রোগতাত্ত্বিক তথ্য সংগ্রহ ও বিজ্ঞানভিত্তিক পরিকল্পনার মাধ্যমে সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।
চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও সামাজিক সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে ঢালাও মিডিয়া ট্রায়াল গ্রহণযোগ্য নয়। সেবাদাতা ও জনগণের মধ্যে দূরত্ব থাকা উচিত নয়। চিকিৎসকদের যথাযথ সম্মান দিয়েই স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, মূল প্রশিক্ষণের আগে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের উদ্যোগে প্রায় সাড়ে ৩৫০ জন সিনিয়র চিকিৎসককে ‘ট্রেইনার্স ট্রেনিং’ দেওয়া হয়। পরে এসব প্রশিক্ষক দেশের ৪০টি জেলায় একযোগে ১ হাজার ৬০০ চিকিৎসককে ডেঙ্গুর ক্লিনিক্যাল ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন।