মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন জিন্নাত

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন জিন্নাত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে অবশেষে পদকের খাতা খুলতে যাচ্ছে বাংলাদেশ। উশুর মেয়েদের ৫২ কেজি সান্দা ইভেন্টে সেমিফাইনালে উঠে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন বাংলাদেশের জিন্নাত আক্তার। চলতি আসরে এটিই বাংলাদেশের প্রথম নিশ্চিত পদক।

মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে জিন্নাতের প্রতিপক্ষ ছিলেন ইন্দোনেশিয়ার থারিসা দিয়া ফ্লোরেন্তিনা। তবে নির্ধারিত ওজনসীমা অতিক্রম করায় প্রতিযোগিতা থেকে অযোগ্য ঘোষিত হন ইন্দোনেশিয়ার এই উশু খেলোয়াড়। ফলে লড়াইয়ে নামতে হয়নি জিন্নাতকে। সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেন তিনি।

এর আগে প্রাথমিক পর্বেও বাই পেয়েছিলেন বাংলাদেশের এই উশুকা। সেমিফাইনালে ওঠার মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে অন্তত ব্রোঞ্জ পদক। উশুর এই ইভেন্টের নিয়ম অনুযায়ী, দুই সেমিফাইনালে পরাজিত দুই প্রতিযোগীই ব্রোঞ্জ পদক পান।

তবে জিন্নাতের সামনে আরও বড় সাফল্যের সুযোগ রয়েছে। সেমিফাইনালে জিততে পারলে নিশ্চিত হবে রৌপ্য পদক। এরপর ফাইনালে জয়ের মাধ্যমে সোনা জয়ের সুযোগও থাকবে তার।

এশিয়ান গেমসের প্রথম কয়েক দিনে ক্রিকেট, ফুটবল, হকি ও অন্যান্য ইভেন্টে প্রত্যাশিত ফল পায়নি বাংলাদেশ। সেই হতাশার মধ্যে উশু থেকে এলো এবারের আসরে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত হওয়ার খবর।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন