মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর দেশের ডিজেলচালিত সাধারণ বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দূরপাল্লা ও মহানগরসহ শহরের বাসে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে ভাড়া বাড়ানো হচ্ছে। এ বিষয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বশীল সূত্র জানায়, সাধারণত জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১ পয়সা বাড়ানোর হিসাব করা হয়। এবার ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছে। সে হিসাবে বিআরটিএ কিলোমিটারপ্রতি ভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ তা কমিয়ে ১৭ পয়সা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে।

নতুন ভাড়া শুধু ডিজেলচালিত সাধারণ বাসের ক্ষেত্রে কার্যকর হবে। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না। একইভাবে ট্রাক, কাভার্ডভ্যানসহ পণ্য পরিবহনের যানবাহনের ভাড়াও সরকারি নির্ধারিত নয়। ফলে এসব যানবাহন ও এসি বাসের ক্ষেত্রে নতুন ভাড়ার হার প্রযোজ্য হবে না।

নতুন ভাড়া নির্ধারণের ক্ষেত্রে ৫২ আসনের বড় বাস ও ৩০ আসনের মিনিবাসের হিসাব ধরা হয়েছে। তবে দূরপাল্লার অনেক বাসে যাত্রীদের আরাম নিশ্চিত করতে আসন সংখ্যা কমানো হয়। ফলে এসব বাসে আসনসংখ্যা অনুযায়ী ভাড়া তুলনামূলক বেশি হতে পারে।

বিআরটিএ সূত্র জানায়, দূরপাল্লা ও শহরের বিভিন্ন রুটে দূরত্ব অনুযায়ী নতুন ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। তালিকা প্রস্তুত ও প্রকাশ করতে আরও এক থেকে দুই দিন সময় লাগতে পারে।

গত ২০ সেপ্টেম্বর রাতে ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে সরকার। এর আগে চলতি বছরের এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়।

বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বড় বাসের কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৫৩ পয়সা। নতুন ১৭ পয়সা বাড়লে তা দাঁড়াবে ২ টাকা ৭০ পয়সায়। মিনিবাসের বর্তমান ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হবে ২ টাকা ৫৯ পয়সা।

অন্যদিকে, দূরপাল্লার ৫২ আসনের বাসে বর্তমানে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা। নতুন হার কার্যকর হলে তা বেড়ে দাঁড়াবে ২ টাকা ৪০ পয়সা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন