দুবাই কনসাল জেনারেলের সাথে এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

দুবাই বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান-এর আমন্ত্রণে দুবাই সফররত চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার২ (১ সেপ্টেম্বর) কনস্যুলেট জেনারেলের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল, ট্রান্সফার, ওভারস্টে জরিমানা ও নতুন ভিসা চালুর ক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসনে বিস্তারিত আলোচনা হয়।
এসময় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি বলেন, আবুধাবিতে মান্যবর রাষ্ট্রদূতের সঙ্গে গঠনমূলক আলোচনার ধারাবাহিকতায় আজ দুবাইতে কনসাল জেনারেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। আবুধাবি দূতাবাস ও দুবাই কনস্যুলেট জেনারেলের যৌথ প্রচেষ্টা এবং আমিরাত সরকারের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনার মাধ্যমে ভিসা সংক্রান্ত সকল জটিলতার দ্রুত ইতিবাচক সমাধান আসবে বলে আশা করছি।
তিনি আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির প্রাণ, রেমিট্যান্স যোদ্ধা। তাদের যে কোনো সমস্যা সমাধানে বর্তমান প্রবাসী-বান্ধব সরকার অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা সবসময় প্রবাসীদের পাশে আছি ও থাকব।
গিয়াস কাদের চৌধুরী বলেন, প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কমিউনিটিতে শৃঙ্খলা ফেরানো জরুরি। অতীতে যারা বিভাজন, গ্রুপিং ও দলবাজি তৈরি করেছে, মিশনে তাদের আনাগোনা বন্ধ করে দল-মত নির্বিশেষে প্রতিটি বাংলাদেশি নাগরিককে সমান চোখে দেখে সেবা নিশ্চিত করতে হবে।
কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান বলেন, সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে কনস্যুলেট জেনারেলে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। প্রবাসীদের বাস্তব সমস্যাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। আবুধাবি দূতাবাসের সাথে সমন্বয় করে প্রবাসী সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে কনস্যুলেট জেনারেল নিরলসভাবে কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব সরাফত আলী, বাংলাদেশ এসোসিয়েশন দুবাইয়ের পরিচালক নজরুল ইসলাম সিআইপি, দুবাই বিজনেস এসোসিয়েশনের সভাপতি মো. জুলফিকার ওসমান সিআইপি, কমিউনিটি নেতা মোহাম্মদ আজিম উদ্দিন, মো. নুরুন্নবী, এস এম দিদারুল আলম এবং কনস্যুলেট জেনারেলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।