ওমানে প্রবাসীদের জন্য নতুন নিয়ম, ৬০ পেরোলেই ওয়ার্ক পারমিটে নিষেধাজ্ঞা

প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে ওমান। দেশটিতে এখন ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের নতুন করে ওয়ার্ক পারমিট দেওয়া এবং পুরোনো পারমিট নবায়ন বন্ধ করে দেওয়া হয়েছে। এরই মধ্যে কয়েকজন প্রবাসী কর্মীর পারমিট নবায়নের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানা গেছে।
নতুন এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের চাকরি ও দেশটিতে বৈধভাবে বসবাসের সুযোগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
দ্য অ্যারাবিয়ান স্টোরিজের এক প্রতিবেদনের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, গত কয়েক সপ্তাহে নিয়োগদাতাদের করা কয়েকজন প্রবাসীর ওয়ার্ক পারমিট নবায়নের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ কর্মকর্তাও জানিয়েছেন, বর্তমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে না।
আগের নীতিতে ছিল বয়সসীমা শিথিলের সুযোগ
২০২২ সালের জানুয়ারিতে ওমানে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নের ক্ষেত্রে ৬০ বছরের বয়সসীমা নিয়ে আগের বিধিনিষেধ শিথিল করা হয়েছিল। ওই নীতির আওতায় নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ৬০ বছর পেরিয়ে যাওয়া অভিজ্ঞ প্রবাসী কর্মীদেরও পারমিট নবায়নের সুযোগ দেওয়া হয়।
তৎকালীন ওমানের শ্রম মন্ত্রণালয়ের বক্তব্য ছিল, অভিজ্ঞ ও দক্ষ কর্মীদের ধরে রাখতে বিভিন্ন প্রতিষ্ঠান নিয়মিতভাবে বয়সসীমার পরও তাদের কর্মরত রাখার জন্য বিশেষ অনুমতি চাইছিল। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে নীতিতে পরিবর্তন আনা হয়েছিল।
ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাইদ বাওয়াইনও সে সময় বলেছিলেন, উৎপাদনশীল ও অভিজ্ঞ কর্মীদের ধরে রাখতে নিয়োগদাতাদের আরও সুযোগ দেওয়াই এই নীতি পরিবর্তনের উদ্দেশ্য।
তবে এই সুবিধা সব ধরনের চাকরির ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। যেসব প্রতিষ্ঠান ওমানিকরণ বা ‘ওমানাইজেশন’-এর শর্ত পূরণ করেছে এবং যেসব পদ ওমানের নাগরিকদের জন্য সংরক্ষিত নয়, মূলত সেসব ক্ষেত্রে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের নিয়োগ বা পারমিট নবায়নের সুযোগ দেওয়া হয়েছিল।
নতুন সিদ্ধান্তে বাড়ছে উদ্বেগ
দ্য অ্যারাবিয়ান স্টোরিজের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে কার্যত আগের নীতি থেকে সরে এসেছে ওমান। বর্তমানে ৬০ বছর পার করা প্রবাসী কর্মীদের জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করা হলে তা প্রত্যাখ্যান করা হচ্ছে।
এতে দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত অনেক প্রবাসী নতুন করে সমস্যায় পড়তে পারেন। বিশেষ করে যারা আগের নীতির আওতায় ৬০ বছর বয়সের পরও কয়েক দফা ওয়ার্ক পারমিট নবায়নের সুযোগ পাবেন বলে আশা করেছিলেন, তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কয়েকজন প্রবাসী জানিয়েছেন, নতুন নিয়মের কারণে তাদের চাকরি অব্যাহত রাখা এবং ওমানে বৈধভাবে বসবাসের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে কাজ করে দেশটিতে স্থায়ীভাবে জীবনযাপনে অভ্যস্ত প্রবাসীদের জন্য বিষয়টি বিশেষভাবে উদ্বেগের।
ওয়েবসাইটে এখনও নবায়ন সেবা চালু
এদিকে ওমানের শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অ-ওমানি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নের সেবা এখনও চালু রয়েছে। তবে বর্তমান সেবা-সংক্রান্ত পেজে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের বিষয়ে কোনো নির্দিষ্ট বয়সসীমা বা নতুন সিদ্ধান্তের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
নতুন নিয়মটি কতদিন কার্যকর থাকবে কিংবা নির্দিষ্ট কোনো শ্রেণির প্রবাসী কর্মীদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি।