‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র সাফল্যের পর নতুন চমক নিশো-তমার

বড় পর্দায় আফরান নিশো ও তমা মির্জার জুটি দর্শকদের কাছে ইতোমধ্যে জনপ্রিয়তা পেয়েছে। ২০২৩ সালের ঈদুল আজহায় রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে পর্দায় হাজির হন এই দুই তারকা। সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং প্রশংসিত হয় নিশো-তমার রসায়ন।
এরপর ২০২৫ সালের ঈদুল ফিতরে শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমায় আবারও একসঙ্গে দেখা যায় তাদের। দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেও দর্শকদের মন জয় করেন তারা। সিনেমাটি বক্স অফিসেও ভালো সাড়া পায়।
এবার তৃতীয়বারের মতো বড় পর্দায় একসঙ্গে আসছেন আফরান নিশো ও তমা মির্জা। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে নির্মিতব্য নতুন একটি সিনেমায় জুটি বাঁধছেন তারা।
সিনেমাটি পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। এটি হতে যাচ্ছে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নিজের স্বতন্ত্র গল্প বলার ধরন বজায় রেখে ভিন্নধর্মী একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন এই নির্মাতা।
জানা গেছে, সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। খুব শিগগিরই শুরু হবে এর শুটিং। যদিও প্রযোজনা প্রতিষ্ঠান বা নির্মাতা পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে সিনেমাটির প্রস্তুতি এগিয়ে চলছে বলে জানা গেছে।
নিশো-তমা জুটির আগের দুই সিনেমার মতো এবারও প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছে আলফা আই। ফলে নতুন এই সিনেমা ঘিরে দর্শকদের আগ্রহও বাড়ছে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬ সালের দুর্গাপূজায় ভিকি জাহেদের পরিচালনায় আফরান নিশো ও তমা মির্জাকে নতুন গল্পে বড় পর্দায় দেখা যাবে।