রবিবার, ০২ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বেনজীরের মুক্তি নিয়ে আনুষ্ঠানিক তথ্য পায়নি দুদক, গাফিলতির অভিযোগও নাকচ ভোক্তা পর্যায়ে বাড়ল এলপিজির দাম, ১২ কেজিতে ৭০ টাকা বেশি বাংলাদেশ সফরে আসছেন মার্কিন নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তা স্টিফেন কোহলার ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে ড. সাব্বির মোস্তফা খান চাপের মুখে ইনফান্তিনো, ফিফার পরবর্তী সভাপতি হিসেবে আলোচনায় দুই নাম দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত বেনজীর আহমেদ আবারও সক্রিয় মৌসুমি বায়ু, বাড়তে পারে বৃষ্টিপাত প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নির্বাচিতদের যোগদান ১ অক্টোবর গাজায় ফের রক্তপাত, ইসরায়েলি হামলায় নিহত নারীসহ ৮
  • বেনজীরের মুক্তি নিয়ে আনুষ্ঠানিক তথ্য পায়নি দুদক, গাফিলতির অভিযোগও নাকচ

    বেনজীরের মুক্তি নিয়ে আনুষ্ঠানিক তথ্য পায়নি দুদক, গাফিলতির অভিযোগও নাকচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সংযুক্ত আরব আমিরাতে মুক্তি পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পৌঁছেনি বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী। একই সঙ্গে তিনি দাবি করেছেন, প্রত্যর্পণসংক্রান্ত আইনি প্রক্রিয়ায় দুদকের কোনো গাফিলতি ছিল না।

    রোববার (২ আগস্ট) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বেনজীরের মুক্তির বিষয়টি দুদক গণমাধ্যমের মাধ্যমেই জেনেছে। তবে আনুষ্ঠানিক তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি বলেন, “আপনারা যেভাবে সংবাদমাধ্যমে বিষয়টি জেনেছেন, আমরাও সেভাবেই জেনেছি। আনুষ্ঠানিক তথ্য পাওয়ার পর আইনি যে পদক্ষেপ প্রয়োজন, সংশ্লিষ্ট বিভাগ তা গ্রহণ করবে।”

    দুদকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ প্রসঙ্গে মীর জয়নুল আবেদীন শিবলী বলেন, প্রত্যর্পণসংক্রান্ত বিষয়ে দুদক নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেছে। তার ভাষ্য, আন্তঃদেশীয় আইনি সহায়তার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। দুদক প্রয়োজনীয় নথিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে এবং সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা সংশ্লিষ্ট দেশে পাঠানো হয়েছে।

    বেনজীরকে কোন আইনি ভিত্তিতে মুক্তি দেওয়া হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিক তথ্য না পাওয়ায় মন্তব্য করা সম্ভব নয়।

    প্রত্যর্পণ প্রক্রিয়া

    দুদক সূত্রে জানা গেছে, গত ১৬ জুন বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে ইংরেজি ও আরবি ভাষায় প্রস্তুত করা প্রত্যর্পণ প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রচলিত নিয়ম অনুযায়ী, গ্রেপ্তারি পরোয়ানা, এজাহার, অভিযোগপত্র এবং মামলার প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করে এই প্রস্তাব প্রস্তুত করা হয়।

    এর আগে গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিভিত্তিক ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) বাংলাদেশকে জানায়, দেশটির আইনের অধীনে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠানোর অনুরোধ জানানো হয়।

    গণমাধ্যমে প্রকাশিত তথ্য

    গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত গত ২৭ জুলাই বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তিনি ৩০ জুলাই কারামুক্ত হন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নথি দুদকের কাছে পৌঁছেনি বলে জানিয়েছে কমিশন।

    বেনজীরের বিরুদ্ধে চলমান মামলা

    ইন্টারপোল ২০২৫ সালের ১০ এপ্রিল বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। বর্তমানে তার বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, পাসপোর্ট জালিয়াতি এবং অর্থপাচারসহ মোট ছয়টি মামলার তদন্ত চলমান রয়েছে।

    দুদকের তদন্তে দাবি করা হয়েছে, সম্পদ বিবরণীতে ঘোষণার বাইরে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি পরিচয় গোপন করে পাসপোর্ট গ্রহণের অভিযোগেও পৃথক মামলা রয়েছে।

    এ ছাড়া দুদকের অনুসন্ধানে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর ও বান্দরবানসহ দেশের বিভিন্ন এলাকায় তার ও পরিবারের নামে উল্লেখযোগ্য পরিমাণ স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন