বাংলাদেশ সফরে আসছেন মার্কিন নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তা স্টিফেন কোহলার

বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট বা প্রশান্ত মহাসাগরীয় নৌ বহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার। তিন দিনের সরকারি সফরে আগামী মঙ্গলবার তিনি ঢাকায় পৌঁছাবেন।
ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার ধারাবাহিকতায় আয়োজিত এই সফরে অ্যাডমিরাল কোহলার ২২ সদস্যের একটি নৌ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফর শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের এই সামরিক কর্মকর্তার আগমনকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতায় নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বাড়ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের অংশ হিসেবেও এ সফরকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সফরকালে অ্যাডমিরাল কোহলারের নেতৃত্বাধীন প্রতিনিধি দল বাংলাদেশের সামরিক ও প্রশাসনিক পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবে। এসব আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, নৌ নিরাপত্তা, সমুদ্রসীমা সুরক্ষা এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
অ্যাডমিরাল স্টিফেন কোহলার মার্কিন নৌবাহিনীর দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তা। তিনি ইউএসএস কার্ল ভিনসনের এক্সিকিউটিভ অফিসার, ফাইটার স্কোয়াড্রন ১৪৩, ইউএসএস বাতান এবং বিমানবাহী রণতরী ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ারের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার সামরিক ক্যারিয়ারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অপারেশন ডেজার্ট স্টর্ম, সাউদার্ন ওয়াচ, ইরাকি ফ্রিডম এবং ইনহেরেন্ট রিজলভসহ বিভিন্ন অভিযানে অংশ নিয়েছেন তিনি। এছাড়া বসনিয়া-হার্জেগোভিনা ও লিবিয়া সংশ্লিষ্ট আন্তর্জাতিক অভিযানেও দায়িত্ব পালন করেন।
হাইতিতে ভয়াবহ ভূমিকম্পের পর ‘অপারেশন ইউনিফাইড রেসপন্স’-এর আওতায় জরুরি মানবিক সহায়তা কার্যক্রমেও নেতৃত্ব দিয়েছেন অ্যাডমিরাল কোহলার। পাশাপাশি পূর্ব ও দক্ষিণ চীন সাগরসহ গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চলে দায়িত্ব পালন করেছেন তিনি।
ফ্ল্যাগ অফিসার হিসেবে তিনি ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের অপারেশন ডিরেক্টর, ইউএস থার্ড ফ্লিটের কমান্ডার এবং জয়েন্ট স্টাফের স্ট্র্যাটেজি, প্ল্যানস অ্যান্ড পলিসি বিষয়ক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে মার্কিন প্যাসিফিক ফ্লিটের কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেন অ্যাডমিরাল স্টিফেন কোহলার।