ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ: এমপি বাচ্চুকে বিএনপির কারণ দর্শানোর নোটিশ

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার কাছে এ নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় দপ্তর।
শনিবার (১৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
দলীয় সূত্র জানায়, স্থানীয় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর পরিপ্রেক্ষিতে এমপি বাচ্চুর বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব অভিযোগের বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এর আগে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে ভালুকা এলাকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে অভিযোগ ওঠে। বিষয়গুলো নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে এ নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।