মীর শাহে আলম ইস্যুতে বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রাশেদ খাঁনের

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে প্রচার করে পরিকল্পিতভাবে সরকারপ্রধানকে বিতর্কিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।
বুধবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
রাশেদ খাঁনের দাবি, বিভিন্ন টকশো ও রাজনৈতিক আলোচনায় মীর শাহে আলমকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উপস্থাপন করে তার বিরুদ্ধে সমালোচনা করা হচ্ছে। এর মাধ্যমে প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু বানানোর অপচেষ্টা চলছে।
তিনি লিখেছেন, সম্প্রতি মীর শাহে আলম নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন। তার ভাষ্য অনুযায়ী, তিনি প্রধানমন্ত্রীর চেয়ে বয়সে ছোট এবং কখনো একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেননি। রাজনৈতিক কর্মকাণ্ডের সূত্রেই তাদের পরিচয় ও সম্পর্ক গড়ে উঠেছে।
রাশেদ খাঁনের মতে, একজন প্রতিমন্ত্রী হিসেবে মীর শাহে আলমের কর্মকাণ্ডের সমালোচনা হওয়া স্বাভাবিক। তবে তথ্য বিকৃত করে বা মিথ্যা প্রচারণার মাধ্যমে তাকে আক্রমণ করা এবং সেই সূত্রে সরকারপ্রধানকে বিতর্কিত করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।
পোস্টে তিনি আরও দাবি করেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়ন বরাদ্দ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, উন্নয়ন বরাদ্দের তালিকায় গোপালগঞ্জ সপ্তম এবং বগুড়া ১৬তম অবস্থানে থাকলেও বগুড়া সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে বলে প্রচার করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
রাশেদ খাঁন বলেন, মীর শাহে আলমের কোনো ভুল বা দুর্বলতা থাকলে তা নিয়ে সমালোচনা হতেই পারে। কিন্তু সম্মিলিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাকে দুর্নীতির সঙ্গে যুক্ত করার চেষ্টা একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলেই তিনি মনে করেন।
তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মীর শাহে আলম সম্প্রতি বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে ঢাকা-১৫ আসনের উন্নয়ন নিয়ে সমন্বয় বৈঠক করেছেন। এর আগেও সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় করেছেন বলে দাবি করেন তিনি।
পোস্টের শেষাংশে রাশেদ খাঁন অভিযোগ করেন, বর্তমান বিরোধী রাজনৈতিক শক্তি এবং আওয়ামী লীগ—উভয় পক্ষই মীর শাহে আলমকে ঘিরে সমালোচনায় সক্রিয়। তার মতে, মীর শাহে আলমকে বিতর্কিত করতে পারলেই প্রধানমন্ত্রীকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা যাবে—এমন ধারণা থেকেই এ প্রচারণা চালানো হচ্ছে।