লেনদেন কমার সঙ্গে কমল শেয়ারবাজারের সূচক

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এর প্রভাবে প্রধান মূল্যসূচকগুলোও নিম্নমুখী হয়েছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ।
বাজার পর্যালোচনায় দেখা যায়, দিনের শুরুতে ডিএসইতে বেশিরভাগ শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় সূচকেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। তবে বেলা সাড়ে ১১টার পর থেকে অনেক কোম্পানির শেয়ারের দাম কমতে শুরু করলে সূচকও নিচের দিকে নামতে থাকে। শেষ পর্যন্ত এ প্রবণতা অব্যাহত থাকে।
দিনশেষে ডিএসইতে ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৪৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ১৯২টির কমেছে এবং ৫৬টির দাম অপরিবর্তিত রয়েছে।
বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে ৫ হাজার ৭৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে ২ হাজার ১৬৯ পয়েন্টে নেমেছে। তবে শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে মোট ১ হাজার ১৫৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৩৮৮ কোটি ৩ লাখ টাকা। অর্থাৎ এক দিনে লেনদেন কমেছে ২৩১ কোটি ৯২ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৪টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে, ১০৩টির কমেছে এবং ৩৯টির অপরিবর্তিত রয়েছে।
সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট কমে ১৫ হাজার ৪৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে মোট ২৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ৩০ কোটি ৭৯ লাখ টাকার চেয়ে কম।