বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বিয়েতে ১০০ অতিথির বেশি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব

বিয়েতে ১০০ অতিথির বেশি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত জাঁকজমক ও অপচয় কমাতে নতুন একটি প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, বিয়েতে ১০০ জনের বেশি অতিথি উপস্থিত থাকলে অতিরিক্ত প্রতিটি অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি কর আরোপ করা যেতে পারে।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।

শাহাদাত হোসেনের ভাষ্য, বর্তমানে বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অপ্রয়োজনীয় জাঁকজমক এবং বিলাসী আয়োজনের কারণে বিপুল অর্থ ব্যয় হচ্ছে। বিশেষ করে গায়ে হলুদসহ নানা অনুষ্ঠানে সাজসজ্জা, কোরিওগ্রাফি ও অন্যান্য আনুষ্ঠানিকতায় বড় অঙ্কের অর্থ খরচ করা হচ্ছে, যা অনেক ক্ষেত্রেই প্রয়োজনের তুলনায় বেশি।

তিনি বলেন, অনেক অনুষ্ঠানে কয়েকশ থেকে হাজারো অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। এত মানুষের জন্য খাবারের আয়োজন করা হলেও উল্লেখযোগ্য পরিমাণ খাবার অপচয় হয়। এই অপচয় কমানো গেলে খাদ্যপণ্যের ওপর চাপও কিছুটা কমবে।

সংসদ সদস্যের মতে, সামাজিক অনুষ্ঠানে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করা গেলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদার চাপ কমতে পারে। এর ফলে পণ্যের দামেও ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও স্মরণ করিয়ে দেন, অতীতে দেশে অতিথি নিয়ন্ত্রণসংক্রান্ত একটি আইন ছিল, যেখানে নির্ধারিত সংখ্যার বেশি অতিথি হলে অতিরিক্ত কর দেওয়ার বিধান ছিল। সেই অভিজ্ঞতার আলোকে তিনি প্রস্তাব করেন, বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি উপস্থিত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি কর নির্ধারণ করা যেতে পারে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ