বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ভারত ভ্রমণের প্রস্তুতি? জেনে নিন কোন ৫ কেন্দ্রে মিলবে ট্যুরিস্ট ভিসা

ভারত ভ্রমণের প্রস্তুতি? জেনে নিন কোন ৫ কেন্দ্রে মিলবে ট্যুরিস্ট ভিসা
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রে (আইভিএসি) পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হবে।

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র পরিদর্শন শেষে এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে দেশের পাঁচটি প্রধান আইভিএসি কেন্দ্রে আবেদন গ্রহণ করা হবে। পরবর্তীতে পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী অন্যান্য কেন্দ্রেও এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

প্রথম ধাপে যেসব কেন্দ্রে পর্যটন ভিসার আবেদন গ্রহণ করা হবে, সেগুলো হলো—

  • ঢাকা: যমুনা ফিউচার পার্ক, জি-১ ফ্লোর, সাউথ কোর্ট, প্রগতি সরণি, বারিধারা।
  • চট্টগ্রাম: সিটি সেন্টার (দ্বিতীয় তলা), সিডিএ অ্যাভিনিউ, পূর্ব নাসিরাবাদ।
  • রাজশাহী: মরিয়ম আলী টাওয়ার (প্রথম তলা), বর্ণালী মোড় (পুরোনো বিলশিমলা)।
  • খুলনা: রাহাত সেন্টার, সৈয়দ আলী হোসেন সড়ক (আউটার বাইপাস রোড), ছোট বয়রা।
  • সিলেট: রহিম টাওয়ার, সোবহানীঘাট, বিশ্বরোড।

 

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, আবেদনকারীদের নির্ধারিত নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র অনুযায়ী আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হলেও ভিসা প্রদান সংশ্লিষ্ট সব প্রক্রিয়া প্রচলিত নিয়ম অনুসারেই সম্পন্ন হবে।

পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ায় চিকিৎসা, ভ্রমণ, আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ এবং বিভিন্ন ব্যক্তিগত প্রয়োজনে ভারত যেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও ভ্রমণ সহজ করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেছে কূটনৈতিক মহল। ভবিষ্যতে চাহিদা বৃদ্ধি পেলে দেশের অন্যান্য ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রেও পর্যায়ক্রমে পর্যটন ভিসা সেবা চালু করা হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ