বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

আশুরা উপলক্ষে হোসেনি দালান থেকে শুরু ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল

আশুরা উপলক্ষে হোসেনি দালান থেকে শুরু ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পবিত্র আশুরা উপলক্ষে শোক, ত্যাগ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের আবহে রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়েছে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার পর আনুষ্ঠানিকভাবে মিছিলটি যাত্রা শুরু করে। ভোর থেকেই ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শিয়া সম্প্রদায়ের শত শত ধর্মপ্রাণ মানুষ হোসেনি দালানে সমবেত হন।

মিছিলটি হোসেনি দালান থেকে আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশকে কালো পোশাকে দেখা যায়। তাদের হাতে ছিল প্রতীকী আলাম, নিশান, পতাকা, বর্শা ও অন্যান্য ধর্মীয় প্রতীক, যা কারবালার শোকগাথার স্মারক হিসেবে বহন করা হয়।

তাজিয়া মিছিলকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, সোয়াত ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও নজরদারিতে রয়েছেন। মিছিলের রুটজুড়ে ট্রাফিক পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে।

উল্লেখ্য, আরবি ‘আশারা’ শব্দের অর্থ দশ। হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা সত্য ও ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে শাহাদাত বরণ করেন। ইসলামের ইতিহাসে এই আত্মত্যাগ অন্যায়, জুলুম ও অবিচারের বিরুদ্ধে প্রতিরোধের এক অনন্য প্রতীক হিসেবে স্মরণ করা হয়।

আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায় প্রতি বছর বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করে থাকে, যার মধ্যে তাজিয়া মিছিল অন্যতম গুরুত্বপূর্ণ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ