বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বেইজিং বিনিয়োগ ফোরামে প্রধানমন্ত্রীর বড় ঘোষণা, চীনে খুলছে বিনিয়োগ কার্যালয়

বেইজিং বিনিয়োগ ফোরামে প্রধানমন্ত্রীর বড় ঘোষণা, চীনে খুলছে বিনিয়োগ কার্যালয়
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চীনা বিনিয়োগকারীদের জন্য আরও সহজ, দ্রুত এবং কার্যকর সেবা নিশ্চিত করতে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামে বক্তব্যকালে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগের অন্যতম সম্ভাবনাময় গন্তব্য হিসেবে নিজেকে প্রস্তুত করছে। বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার ইতোমধ্যে একটি ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। এর আওতায় ব্যবসা প্রতিষ্ঠার অনুমোদন প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে এবং নতুন উদ্যোক্তারা মাত্র ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় অনুমোদন পাবেন।

তিনি জানান, চীনা বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামের আনোয়ারায় একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ চলমান রয়েছে। পাশাপাশি মোংলায় দ্বিতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রমও দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে, যা বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারেক রহমান আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, উচ্চমূল্য সংযোজিত বস্ত্রশিল্প এবং ওষুধশিল্পে বিনিয়োগ উৎসাহিত করতে সরকার বিশেষ নীতিগত সহায়তা ও প্রণোদনা দেবে। এসব খাতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি সুযোগ সৃষ্টি করা হবে।

বিদেশি বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, মুনাফা নিজ দেশে ফিরিয়ে নেওয়ার সুযোগ এবং বিনিয়োগের আইনি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক সহায়তা অব্যাহত থাকবে।

বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী চীনা প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের বাংলাদেশের উন্নয়নযাত্রার অংশীদার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও প্রবৃদ্ধির নতুন অধ্যায়ে যুক্ত হওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়। ভবিষ্যতের অর্থনৈতিক সাফল্যের গল্পে অংশ নেওয়ার সুযোগ এখনই গ্রহণ করা উচিত।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ