বুধবার, ১৭ জুন ২০২৬
Natun Kagoj

সিলেট থেকে শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট থেকে শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৭ জুন) সকালে সিলেটে পৌঁছেছেন। সকাল সোয়া ১০টার দিকে তাকে বহনকারী বিমানটি সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৯টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল সাড়ে ৯টার দিকে তিনি গুলশানের বাসা থেকে বিমানবন্দরে পৌঁছান।

সফরসূচি অনুযায়ী, সিলেট থেকে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে দুপুর ১টায় ভিক্টোরিয়া কলেজ মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন।

এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

কর্মসূচির অংশ হিসেবে পরে মৌলভীবাজারের দুসাই রিসোর্টে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সভা শেষে তিনি সিলেটে ফিরে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের বেশি সময় যুক্তরাজ্যে অবস্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। জাতীয় নির্বাচনে বিএনপির বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তার অন্যতম গুরুত্বপূর্ণ জেলা সফর। মৌলভীবাজারে প্রধানমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম আনুষ্ঠানিক সফর বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন