ইসলামী ব্যাংকে আসছে নতুন পর্ষদ, আস্থা ফেরানোর আশ্বাস

ইসলামী ব্যাংকের পরিচালনা কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে শিগগিরই একটি নতুন ও নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠন করা হবে বলে জানিয়েছেন ব্যাংকের পর্ষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন।
সোমবার (১৫ জুন) ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, যোগ্যতা ও নিরপেক্ষতার ভিত্তিতে পাঁচ সদস্যের একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে খুব দ্রুতই নতুন পর্ষদের ঘোষণা আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মোহাম্মদ জহির বলেন, বর্তমানে তিনি অস্থায়ীভাবে এক সদস্যের পর্ষদ হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম সচল রাখা এবং গ্রাহকদের সেবা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। তিনি আমানতকারীদের আতঙ্কিত না হয়ে ব্যাংকের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।
অন্যদিকে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আলতাফ হোসেন জানান, তারল্য সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক থেকে আরও ২ হাজার ৫০০ কোটি টাকার সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক। তবে এই অর্থের পুরোটা এখনো ব্যবহার করতে হয়নি।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে গ্রাহকদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে কমছে। একটি বড় শাখার তথ্য অনুযায়ী, হিসাব বন্ধের প্রবণতা আগের তুলনায় প্রায় ৭৫ শতাংশ কমেছে, যা ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ফিরে আসার ইতিবাচক ইঙ্গিত বহন করে।