বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

দিল্লি বিমানবন্দরের ঘটনায় সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন তথ্য উপদেষ্টা

দিল্লি বিমানবন্দরের ঘটনায় সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন তথ্য উপদেষ্টা
ছবি- কোলাজ নতুন কাগজ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে দেশে ফিরে আসছেন। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতা এবং দীর্ঘ সময় অপেক্ষার ঘটনায় তিনি সফর বাতিলের সিদ্ধান্ত নেন।

রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লি পৌঁছানোর পর বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখে বলে জানা গেছে। এ সময় তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার (১৫ জুন) থেকে শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ডা. জাহেদ উর রহমানের। তার সফর ও অংশগ্রহণের বিষয়টি নিয়ে বাংলাদেশ হাইকমিশন আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছিল।

তবে বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষা এবং অনিশ্চয়তার কারণে তিনি সফর অব্যাহত না রাখার সিদ্ধান্ত নেন। পরে নিজের পাসপোর্ট ফেরত নিয়ে দেশে ফিরে আসার উদ্যোগ নেন।

সূত্র আরও জানায়, পরবর্তীতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দেশে প্রবেশের অনুমতি গ্রহণের অনুরোধ জানালেও তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেননি। এরপর তৃতীয় একটি দেশের মাধ্যমে বাংলাদেশে ফেরার জন্য ফ্লাইটে যাত্রা করেন।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে সোমবার দুপুরের আগেই তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ