বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষায় ফি নেওয়ার ঘোষণা

প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষায় ফি নেওয়ার ঘোষণা
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরীক্ষার ফি নির্ধারণ করেছে সরকার। পরীক্ষা আয়োজনের ব্যয় নির্বাহ এবং শিক্ষকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ কমানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (১৩ জুন) রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয়ে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা, চতুর্থ শ্রেণির জন্য ৪০ টাকা এবং পঞ্চম শ্রেণির জন্য ৫০ টাকা পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেন, বিদ্যালয়গুলোকে যে স্লিপ বরাদ্দ দেওয়া হয়, তা দিয়ে অনেক ক্ষেত্রে পরীক্ষার প্রয়োজনীয় ব্যয় মেটানো সম্ভব হয় না। ফলে পরীক্ষার বিভিন্ন খরচ শিক্ষকদের ব্যক্তিগতভাবে বহন করতে হয়, যা তাদের জন্য বাড়তি চাপ তৈরি করে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে সীমিত পরিসরে পরীক্ষার ফি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হতে পারে। তবে পরীক্ষার কার্যক্রম সুষ্ঠু ও নিয়মিতভাবে পরিচালনার স্বার্থে এটি প্রয়োজনীয় পদক্ষেপ। দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় এই ফি অনেক কম বলেও উল্লেখ করেন তিনি।

সচিব জানান, ভবিষ্যতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য স্লিপ বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী অর্থবছর থেকে বিদ্যালয়গুলো তুলনামূলক বেশি আর্থিক সহায়তা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পরিকল্পনা) ছাইফুল ইসলাম, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম, হলদে পাখি কমিশনার বেলা রাণী সরকারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ