বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

কক্সবাজার সফরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজার সফরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের চকরিয়ায় পাতলী খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। শনিবার (১৩ জুন) সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট সকাল ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিরও সূচনা করবেন।

সফরের অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে নিহত কক্সবাজারের শহীদ ওয়াসীমের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া পেকুয়া পৌরসভা ও নতুন মাতামুহুরী উপজেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।

রাজনৈতিক কর্মসূচির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভা। বিকেলে অনুষ্ঠিতব্য এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

দিনের শেষভাগে প্রধানমন্ত্রী কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ এলাকা পরিদর্শন করবেন। পরে একটি সুধী সমাবেশে অংশ নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফর উপলক্ষে কক্সবাজারে প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর সব কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ