একদিনের সফরে কক্সবাজারে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে কক্সবাজার পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল পৌনে ৯টার দিকে গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। পরে সকাল ৯টা ৫০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এ সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সফরকালে প্রধানমন্ত্রী কক্সবাজার ও চকরিয়ায় একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে চকরিয়ার পিএমখালী এলাকায় পাতলী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন এবং মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেলে চকরিয়া বাস টার্মিনাল এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া সন্ধ্যায় একটি সুধী সমাবেশেও অংশ নেবেন তিনি।
সফরের সময় প্রধানমন্ত্রী কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করবেন। পাশাপাশি দীর্ঘদিনের প্রত্যাশিত পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী নতুন উপজেলা প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন।
নির্ধারিত কর্মসূচি শেষে রাতেই বিমানযোগে ঢাকায় ফিরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।