বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

মাদকবিরোধী অবস্থানের জেরে মোটরসাইকেল আরোহীকে ইট নিক্ষেপ, গ্রেপ্তার ২

মাদকবিরোধী অবস্থানের জেরে মোটরসাইকেল আরোহীকে ইট নিক্ষেপ, গ্রেপ্তার ২
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর কাফরুলে মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেল আরোহী রাফির ওপর ইট নিক্ষেপের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় এ হামলার রহস্য উদ্‌ঘাটন করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গ্রেপ্তাররা হলেন মো. পারভেজ (৩০) ও আনোয়ার হোসেন বাবু (৩২)। পলাতক রয়েছেন মো. ফয়সাল ওরফে কালু এবং আমিন।

শুক্রবার (১২ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকার।

তিনি জানান, গত মঙ্গলবার (১০ জুন) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের কাছে ইব্রাহিমপুর পাকা সড়কে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে বাসায় ফেরার সময় রাফির ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। দুর্বৃত্তরা তার মাথার ডান পাশে ইট নিক্ষেপ করলে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান।

পুলিশ কর্মকর্তা আরও জানান, হামলার পর আসামিরা ভিকটিমকে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করে। তারা আশপাশের লোকজনকে বিভ্রান্ত করতে বলে যে ওপর থেকে ইট পড়ে তিনি আহত হয়েছেন। পরে তাকে অটোরিকশায় তুলে নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পুরো ঘটনা একটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর আহত রাফির চাচা নুর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

তদন্তে জানা যায়, পারভেজ একসময় রাফির বাসায় ভাড়াটিয়া ছিলেন। সেই সূত্রে তাদের পরিচয় ছিল। পরবর্তীতে পারভেজ ও তার সহযোগীরা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়লে রাফি এতে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। ঘটনার আগের দিন সন্ধ্যায় তাদের মধ্যে কথাকাটাকাটি হয় এবং রাফিকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়া হয়।

পরিকল্পনা অনুযায়ী পরদিন রাত ১টার দিকে তারা পূর্ব শেওড়াপাড়ায় অবস্থান নেয়। রাফি মোটরসাইকেলে সেখানে পৌঁছালে আমিন তার গতিরোধের চেষ্টা করে। এরপর পারভেজ ইট ছুড়ে মাথায় আঘাত করেন।

ডিসি মোস্তাক সরকার জানান, গ্রেপ্তার পারভেজ ও বাবুকে ইতোমধ্যে আইনি প্রক্রিয়ায় নেওয়া হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রধান অভিযুক্ত পারভেজ ও পলাতক কালুর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ