গ্রকের ঝুঁকি নিয়ে কথা বলায় বরখাস্ত, দাবি প্রকৌশলীর

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইয়ের (xAI) সাবেক প্রকৌশলী ডেভিন কিম অভিযোগ করেছেন, গ্রক (Grok) চ্যাটবটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ অভিযোগে তিনি ক্যালিফোর্নিয়ার একটি আদালতে মামলা দায়ের করেছেন।
মামলার নথিতে কিম দাবি করেন, গ্রকের সম্ভাব্য ঝুঁকি নিয়ে তিনি বারবার সতর্ক করেছিলেন। তার মতে, প্রযুক্তিটির অপব্যবহার হলে বৈষম্যমূলক কনটেন্ট ছড়ানো বা বিপজ্জনক তথ্য প্রচারের আশঙ্কা রয়েছে। তবে এসব সতর্কবার্তাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, নিরাপত্তা জোরদারের পরিবর্তে প্রযুক্তিটি দ্রুত বাজারে আনার বিষয়েই বেশি মনোযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি। যদিও মামলায় ইলন মাস্ককে সরাসরি অভিযুক্ত করা হয়নি, তবে এক্সএআইয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে তার উদ্বেগ উপেক্ষার অভিযোগ আনা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, গ্রক অতীতেও বিভিন্ন বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে অনাকাঙ্ক্ষিত ও অননুমোদিত কনটেন্ট ছড়িয়ে পড়ার ঘটনায় প্রযুক্তিটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল।
বর্তমানে ডেভিন কিম কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি ও নিরাপত্তা নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন। মামলায় তিনি ক্ষতিপূরণ ও আর্থিক জরিমানা দাবি করেছেন।
এ বিষয়ে এখন পর্যন্ত এক্সএআই বা স্পেসএক্সের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।