৮ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন নেতৃত্ব, কউকের চেয়ারম্যানের চুক্তি বাতিল

দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়ন কার্যক্রমে গতি আনতে আটটি উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে এক বছরের জন্য এসব নিয়োগের ঘোষণা দেয়।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন এস এম শফিকুর আলম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী বেলায়েত হোসেন এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবুল কালাম আজাদ।
এছাড়া সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন রেজাউল হাসান লোদী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষে মো. সামসুজ্জামান সামু, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষে মোতাহার হোসেন তালুকদার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে উদবাতুল বারী আবু এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষে মাশুকুল ইসলাম রাজিব দায়িত্ব পেয়েছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন চেয়ারম্যানদের অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাদের নিয়োগের বিস্তারিত শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
অন্যদিকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দীনের চলমান চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
এই নিয়োগগুলোকে দেশের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিত নগরায়ণ ও অবকাঠামো উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।