বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

সরকারের ১০০ দিনের কার্যক্রমে হতাশা প্রকাশ ১১ দলীয় ঐক্যের

সরকারের ১০০ দিনের কার্যক্রমে হতাশা প্রকাশ ১১ দলীয় ঐক্যের
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সরকারের প্রথম ১০০ দিনের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেছে ১১ দলীয় ঐক্য। জোটটির সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ দাবি করেছেন, সরকারের বিভিন্ন পদক্ষেপ জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক শাসনব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বুধবার (১০ জুন) রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ভারত কর্তৃক সীমান্তে পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ড. আযাদ বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সংসদের ভেতরে ও বাইরে যেসব সিদ্ধান্ত নিয়েছে, সেগুলোর অনেকগুলোই অতীতের কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার ধারাবাহিকতা বলে মনে হচ্ছে। তিনি অভিযোগ করেন, সংস্কার কার্যক্রমের ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে ব্যর্থ হয়েছে।

সংসদে বিভিন্ন অধ্যাদেশ অনুমোদনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, পর্যাপ্ত আলোচনা ছাড়াই অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার দাবি, জাতীয় স্বার্থে বিরোধী দলগুলো বিষয়গুলো নিয়ে কঠোর অবস্থান নেয়নি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ করে তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ফৌজদারি মামলা, হত্যাকাণ্ড, চুরি ও ডাকাতির ঘটনা বেড়েছে। এসব বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির বিরুদ্ধে সহিংসতা, রাজনৈতিক সংঘাত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগও তুলে ধরেন ড. আযাদ। পাশাপাশি কয়েকজন রাজনৈতিক কর্মীর ওপর হামলার ঘটনাও উল্লেখ করেন।

তিনি আরও দাবি করেন, জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। সরকারের পূর্বঘোষিত প্রতিশ্রুতির সঙ্গে বাস্তব পদক্ষেপের অমিল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

১১ দলীয় ঐক্যের নেতারা বলেন, গণতান্ত্রিক অধিকার, প্রশাসনিক জবাবদিহিতা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে তারা আন্দোলন চালিয়ে যাবেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ